একটি ফোন করলেই মিটে যেত সমস্যা! মোদীর ‘অহং’ নাকি অন্য কিছু? ফাঁস করলেন মার্কিন বাণিজ্য সচিব

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বিশ বাঁও জলে চলে যাওয়ার নেপথ্যে কি তবে কেবল শুল্ক নীতি নয়, বরং ব্যক্তিগত ইগোর লড়াই? মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত মিলল। লুটনিকের সাফ দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করার কারণেই দীর্ঘ প্রতীক্ষিত এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি থমকে গিয়েছে।
লুটনিক জানান, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তির সমস্ত খসড়া চূড়ান্ত ছিল। কিন্তু সেটি কার্যকর করার জন্য ট্রাম্প চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী যেন তাঁকে সরাসরি ফোন করে বিষয়টি চূড়ান্ত করেন। ট্রাম্পের ‘ডিল মেকার’ ইমেজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ফোনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত সরকার বা প্রধানমন্ত্রী মোদী সম্ভবত এই পদ্ধতিতে স্বচ্ছন্দ ছিলেন না, ফলে সেই ফোন আর করা হয়নি। এর খেসারত হিসেবেই ভারতকে এখন ৫০ শতাংশ বা তার বেশি আকাশছোঁয়া শুল্কের মুখে পড়তে হচ্ছে।
মার্কিন বাণিজ্য সচিব আরও স্পষ্ট করে দিয়েছেন যে, আগে যে শর্তে চুক্তি হওয়ার কথা ছিল, আমেরিকা এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন বা ভিয়েতনামের সঙ্গে চুক্তি হয়ে গেলেও ভারতের ক্ষেত্রে পুরনো প্রস্তাবটি এখন আর আলোচনার টেবিলে নেই। ওয়াশিংটনের এই অনড় অবস্থান এবং ‘ফোন কল’ বিতর্ক দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সমীকরণকে আরও জটিল করে তুলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।