বড় ঝটকা শেয়ার বাজারে! ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে জট, কোন পথে নিফটি?

শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে টালমাটাল ভারতের শেয়ার বাজার। সকাল থেকেই বাজার নিম্নমুখী, বিশেষ করে রিয়েল এস্টেট এবং স্বাস্থ্য পরিষেবা খাতের শেয়ারগুলোতে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। সেনসেক্স এবং নিফটি ৫০-র ওপর সবথেকে বেশি প্রভাব ফেলেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তা। মার্কিন বাণিজ্য সচিবের একটি চাঞ্চল্যকর দাবি বাজারকে আরও অস্থির করে তুলেছে। তার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি, যার ফলে ঝুলে রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি।
বাজারের এই লাল সংকেতের মধ্যেও চমক দেখিয়েছে ভোডাফোন-আইডিয়া। শুক্রবার ট্রেডিং সেশনে এই টেলিকম সংস্থার শেয়ার একলাফে ৮.৭% বৃদ্ধি পেয়ে ১২.৫১ টাকায় পৌঁছেছে। পাশাপাশি কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থা ভারত কোকিং কোল লিমিটেডের ১,০৭১ কোটি টাকার আইপিও (IPO) বাজারে আসতেই হিট। মাত্র ২০ মিনিটের মধ্যেই খুচরা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ অংশটি সম্পূর্ণ সাবস্ক্রাইব হয়ে গেছে।
অন্যদিকে, এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) লার্জট্রেড নিয়েও চর্চা তুঙ্গে। প্রায় ১.৭২ কোটি শেয়ার হাতবদল হয়েছে ১,৬২৫ কোটি টাকার বিনিময়ে। যদিও অ্যাপোলো হসপিটালস এবং ম্যাক্স হেলথকেয়ারের মতো বড় সংস্থার শেয়ার দর শুক্রবার নিম্নগামী ছিল। লগ্নিকারীরা এখন তাকিয়ে আছেন মার্কিন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।