এবার খোদ দিল্লিতে তুলকালাম! শাহের অফিসের সামনে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে তুলল পুলিশ

কলকাতার আই-প্যাক (I-PAC) দপ্তরে ইডি অভিযানের আঁচ এবার সরাসরি পৌঁছে গেল দেশের রাজধানীতে। শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের সামনে নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের ৮ জন হেভিওয়েট সাংসদ। প্রায় দেড় ঘণ্টা ধরে ধর্না চলার পর দিল্লি পুলিশ তাঁদের সরাতে গেলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
সাংসদ শতাব্দী রায় ও প্রতিমা মণ্ডলকে আক্ষরিক অর্থেই টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বাপি হালদারকে চ্যাংদোলা করে সরানো হয় এবং সাকেত গোখলের সঙ্গেও পুলিশের ধস্তাধস্তি চরমে ওঠে। ডেরেক ও’ব্রায়েন চিৎকার করে বলতে থাকেন, “সাংসদদের গায়ে হাত দেবেন না!” বর্তমানে তাঁদের পার্লামেন্ট স্ট্রিট থানায় আটকে রাখা হয়েছে। এই ঘটনার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়ে লিখেছেন, “গণতন্ত্রকে দমন করা হচ্ছে, তবে পশ্চিমবঙ্গ এই লড়াই চালিয়ে যাবে।” আজ কলকাতায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে মিছিলে নামতে চলেছেন, যা ভোটমুখী বাংলায় রাজনৈতিক সংঘাতকে এক নতুন মাত্রায় পৌঁছে দিল।