এবার খোদ দিল্লিতে তুলকালাম! শাহের অফিসের সামনে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে তুলল পুলিশ

কলকাতার আই-প্যাক দপ্তরে ইডি অভিযানের আঁচ এবার পৌঁছাল দেশের রাজধানীতে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ৮ জন তৃণমূল সাংসদ। পরিস্থিতি উত্তপ্ত হতেই দিল্লি পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। বর্তমানে পার্লামেন্ট স্ট্রিট থানায় তাঁদের আটকে রাখা হয়েছে।
এদিকে, আই-প্যাক কাণ্ডে এক নজিরবিহীন বিবৃতি জারি করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল পুলিশবাহিনী নিয়ে ঢুকে তদন্তে সরাসরি বাধা দিয়েছেন। ইডির চোখের সামনেই গুরুত্বপূর্ণ হার্ড ডিস্ক, ইলেকট্রনিক ডিভাইস ও নথি জোর করে সরিয়ে ফেলেছে রাজ্য পুলিশ। ইডির স্পষ্ট বার্তা, “এটি সম্পূর্ণ আইনত তল্লাশি ছিল, কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়।” অন্যদিকে, উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাজভবনে বোমাতঙ্ক! রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ই-মেলে প্রাণনাশের হুমকি দেওয়ায় গভীর রাতে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক বসে। শুক্রবার কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই রাস্তায় হাঁটার ঘোষণা করেছেন রাজ্যপাল।