জামনগরে ফিরছে ভেনেজুয়েলার ‘মেরেই’ অপরিশোধিত তেল? আমদানির প্রস্তুতিতে IOC ও রিলায়েন্স

বিশ্ব তেলের বাজারে বড়সড় পালাবদলের ইঙ্গিত দিয়ে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধের পথে হাঁটছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থার মুখপাত্র জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার গেরো কাটলে এবং স্পষ্ট সবুজ সংকেত মিললে তারা পুনরায় ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। শুধু রিলায়েন্স নয়, ইন্ডিয়ান অয়েল (IOC) এবং এইচপিসিএল-এর (HPCL) মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও এখন ভেনেজুয়েলার সস্তা তেলের দিকে তাকিয়ে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্ক নীতি এবং রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারির পরই এই কৌশলগত বদল আনতে চাইছে ভারতীয় শোধনাগারগুলি। রিলায়েন্স ইতিমধ্যেই জানিয়েছে, জানুয়ারি মাসে তারা কোনও রুশ তেলের কার্গো গ্রহণ করবে না। গুজরাতের জামনগরে রিলায়েন্সের যে বিশাল রিফাইনারি কমপ্লেক্স রয়েছে, তা ভেনেজুয়েলার ‘মেরেই’ ক্রুড প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষজ্ঞদের মতে, রুশ তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভেনেজুয়েলার তেলকে বিকল্প হিসেবে গ্রহণ করা ভারতের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই সুবিধাজনক হতে পারে।