করোনার সুযোগে ২০০০ কোটির লুট! রাজস্থানে মিড-ডে মিলের মহাদুর্নীতি ফাঁস করল এসিবি

প্রতিবেদন: কোভিড-১৯ মহামারীর অন্ধকার দিনগুলোতে যখন সাধারণ মানুষ প্রাণের লড়াই লড়ছিল, ঠিক তখনই রাজস্থানে শিশুদের মিড-ডে মিলের বরাদ্দ নিয়ে চলল ২০০০ কোটি টাকার বিশাল লুট। রাজস্থানের দুর্নীতি দমন ব্যুরো (ACB) সম্প্রতি এই চাঞ্চল্যকর দুর্নীতির পর্দাফাঁস করেছে। অভিযোগ উঠেছে, স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার নামে সরকারি কোষাগারের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন মিড-ডে মিল এবং ‘কনফেড’ (Confed)-এর উচ্চপদস্থ কর্মকর্তারা।

কীভাবে চলত এই জালিয়াতি? তদন্তে জানা গেছে, মহামারীর সময় যখন সরাসরি খাবার দেওয়া সম্ভব ছিল না, তখন সরকার ডাল, তেল ও মশলার প্যাকেট বিতরণের পরিকল্পনা করে। কিন্তু বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে সরকারি কর্মকর্তারা নিয়মকানুন বদলে ফেলেন। বড় ও যোগ্য সংস্থাগুলিকে টেন্ডার প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করা হয়। পরিবর্তে প্রভাবশালী কিছু সংস্থাকে সুবিধা দেওয়া হয়েছিল।

মানহীন খাবার ও ভূয়ো ডেলিভারি: এসিবির তদন্তকারী দল জানিয়েছে, উদ্ধার হওয়া নথিপত্র অনুযায়ী FSSAI এবং Agmark-এর মতো গুরুত্বপূর্ণ গুণমান নিয়ন্ত্রণ মানদণ্ড সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছিল। কাগজে-কলমে উচ্চমানের সামগ্রী সরবরাহের কথা বলা হলেও, শিশুদের দেওয়া হয়েছিল অত্যন্ত নিম্নমানের পচা ডাল ও ভেজাল তেল। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে স্কুলে ‘ডোর-স্টেপ ডেলিভারি’ বা দুয়ারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ভূয়ো দাবি করে টাকা তোলা হয়েছে। কর্মকর্তাদের এই অশুভ আঁতাতের যথেষ্ট প্রমাণ এখন এসিবির হাতে। এই বিশাল কেলেঙ্কারিতে বড় বড় প্রশাসনিক আধিকারিকদের নাম জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা রাজস্থান রাজনীতিতে নতুন কম্পন তৈরি করেছে।