কে এই প্রতীক জৈন? যার জন্য ভোরের আলো ফুটতেই দৌড়াতে হলো মুখ্যমন্ত্রীকে

বৃহস্পতিবার সাতসকালে ফের একবার কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় সরগরম রাজ্য রাজনীতি। ভোর ৬টা বাজতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হানা দিল আইপ্যাক (I-PAC) কর্ণধার ও সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসভবনে। তবে চমকের এখানেই শেষ নয়; প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার খবর পাওয়া মাত্রই সেখানে সশরীরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন।

কে এই প্রতীক জৈন? প্রতীক জৈনের পরিচয় মূলত ভোটকুশলী হিসেবে। তাঁর শিক্ষাগত এবং কর্মজীবন অত্যন্ত মেধাদীপ্ত। ২০০৮ সালে বম্বে আইআইটি (IIT Bombay) থেকে মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স নিয়ে বি.টেক সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরুতে অ্যাক্সিস ব্যাঙ্কে ইন্টার্নশিপ এবং পরবর্তীতে বিখ্যাত সংস্থা ‘ডেলয়েট’-এ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন প্রতীক।

আইপ্যাক-এর জন্ম ও উত্থান: ২০১৩ সালে প্রতীক ‘সিটিজেনস ফর অ্য়াকাউন্টেবল গভার্নেন্স’ নামে নিজস্ব সংস্থা গড়েন। তবে তাঁর জীবনের মোড় ঘোরে প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলানোর পর। দুজনে মিলে তৈরি করেন ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ বা আইপ্যাক। গত ১০ বছর ধরে তিনি এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ থেকে শুরু করে অন্ধ্র প্রদেশের নির্বাচনে বড় ভূমিকা পালন করেছেন তিনি। এমনকি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের নেপথ্যেও আইপ্যাক-এর মস্ত বড় হাত ছিল।

এদিন সকালে তাঁর বাড়িতে ইডির তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিতি—সব মিলিয়ে গোটা ঘটনাপ্রবাহ এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।