আইপ্যাক অফিসের সামনে রহস্যময় ‘সাদা গাড়ি’! সিটে ছড়ানো রাজ্য সরকারের গুচ্ছ গুচ্ছ ফাইল, তুঙ্গে রহস্য

কলকাতার আইপ্যাক অফিসে ইডি তল্লাশি চলাকালীন এক চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ল। অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা WB06Y5555 নম্বরের একটি সাদা মাহিন্দ্রা স্করপিও গাড়িকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। গাড়িটিতে কোথাও ‘গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’ লেখা নেই, এবং এটি তৃণমূলের নথিভুক্ত গাড়ি বলে জানা যাচ্ছে। তবে বিস্ময়করভাবে, গাড়ির পেছনের সিটে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নীল-হলুদ রঙের অসংখ্য ফাইল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আইপ্যাক অফিসের ভেতরে রয়েছেন, তখন বাইরে এই গাড়িটিকে ঘিরে তৈরি হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। রাজ্য পুলিশের পুরুষ ও মহিলা কর্মীরা গাড়িটিকে এমনভাবে ঘিরে রেখেছেন যে কাউকেই তার ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। গাড়ির কাঁচ তোলা থাকলেও বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সরকারি সিলমোহর দেওয়া নথিপত্র।
প্রশ্ন উঠছে, একটি দলীয় গাড়িতে কেন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ফাইল রাখা হয়েছে এবং ইডি অভিযানের সময় এই ফাইলগুলোর গুরুত্ব কী? এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।