বিজেপি কর্মীদের ‘মাতাল’ বলায় অভিষেকের বিরুদ্ধে FIR! রামপুরহাটে সুর চড়ালেন মহিলারা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূমে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। গত ৬ জানুয়ারি রামপুরহাটের বিনোদপুরে তৃণমূলের ‘রণ সংকল্প’ সভায় বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল বিজেপি। বুধবার রামপুরহাট থানায় বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে এই অভিযোগ দায়ের করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেছিলেন, “বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না।” এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রশ্মি দে বলেন, “আমরা ভদ্র ঘরের মহিলা এবং শিক্ষিত। আমাদের সম্পর্কে এই ধরনের কুরুচিকর ও অসাংবিধানিক মন্তব্য অত্যন্ত অপমানজনক।”
উল্লেখ্য, ওই দিনই সভা শেষে অভিষেক বাংলাদেশ থেকে ফেরত আসা সোনালী খাতুনের নবজাতকের নামকরণ করেন এবং অমর্ত্য সেনকে ‘SIR’ শুনানিতে তলব করা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।