ধূমপান করেন না? তবুও হতে পারে হার্ট অ্যাটাক! সাইলেন্ট কিলার হিসেবে ভয় ধরাচ্ছে বিষাক্ত বাতাস

এতদিন মনে করা হতো হার্ট অ্যাটাকের প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন, ধূমপান বা বংশগত রোগ। কিন্তু চিকিৎসকরা এখন এক নতুন ও ভয়াবহ বিপদের দিকে ইঙ্গিত করছেন— তা হলো বায়ুদূষণ। জয়পুরের মণিপাল হাসপাতালের প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. হিমাংশু গুপ্ত জানিয়েছেন, যাঁদের কোনো বদভ্যাস নেই বা যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁরাও এখন হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন শুধুমাত্র বিষাক্ত বাতাসের কারণে।
চিকিৎসকদের মতে, বাতাসের অতিসূক্ষ্ম ধূলিকণা PM2.5, নাইট্রোজেন ডাই-অক্সাইড এবং কার্বন মনোক্সাইড ফুসফুস পেরিয়ে সরাসরি রক্তে মিশে যাচ্ছে। এর ফলে রক্তনালির ভেতরের দেওয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শরীরে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ছে। ফলে হৃদপিণ্ডে সঠিক মাত্রায় অক্সিজেন পৌঁছাতে পারছে না, যা মুহূর্তের মধ্যে ডেকে আনছে হৃদরোগ। এমনকি কোনো পূর্ব উপসর্গ ছাড়াই কমবয়সিদের মধ্যে এই প্রবণতা বাড়ছে।
পুরোপুরি দূষণমুক্ত থাকা অসম্ভব হলেও কিছু সতর্কতা জীবন বাঁচাতে পারে। বাতাসের গুণমান (AQI) খারাপ থাকলে বাইরে বেরোনো কমানো এবং এন-৯৫ মাস্ক ব্যবহার করা জরুরি। খাবারের তালিকায় ওমেগা-৩ সমৃদ্ধ মাছ, ফল ও শাকসবজি রাখলে শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমানো সম্ভব। চিকিৎসকদের পরামর্শ, যাঁদের উচ্চ রক্তচাপ বা সুগার রয়েছে, তাঁরা যেন নিয়মিত হার্ট চেকআপ করান। কারণ পরিবেশের বিষ এখন সরাসরি থাবা বসাচ্ছে আমাদের হৃদপিণ্ডে।