লক্ষ্য ছাব্বিশের মসনদ! আজ কলকাতায় জেপি নাড্ডা, সল্টলেকে ম্যারাথন বৈঠকের পর গন্তব্য কল্যাণী এইমস

২০২৬-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা স্থির করে কোমর বাঁধছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের রেশ কাটতে না কাটতেই এবার দু’দিনের বঙ্গ সফরে কলকাতায় পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকে দফায় দফায় সাংগঠনিক বৈঠকে ব্যস্ত থাকবেন তিনি। দলের কোর গ্রুপ এবং জেলা সভাপতিদের নিয়ে এই বিশেষ বৈঠকে আগামী নির্বাচনের রণকৌশল চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
সাংগঠনিক বৈঠকের পাশাপাশি আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন নাড্ডা। বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণী এইমসে (AIIMS) স্বাস্থ্য সংক্রান্ত একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে, যেখানে তিনি বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিজেপির তরফে জানানো হয়েছে, দু’দিনের এই সফরে নাড্ডা কেবল জেলার সভাপতিদের বার্তাই দেবেন না, বরং পার্টির বিভিন্ন বিভাগের কার্যকর্তা এবং প্রবাসী কার্যকর্তাদেরও বিশেষ পরামর্শ দেবেন।
উল্লেখ্য, গত সপ্তাহেই অমিত শাহ বঙ্গে এসে দলীয় বিধায়ক ও সাংসদদের জন্য ‘দুই-তৃতীয়াংশ আসন’ জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন। সেই পথেই দলকে আরও মজবুত করতে এবং জনসংযোগ বাড়াতে নাড্ডার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানুয়ারির তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করার কথা রয়েছে। একদিকে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের ‘সংকল্প যাত্রা’, অন্যদিকে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের ঘনঘন সফর— সব মিলিয়ে ছাব্বিশের লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি।