অফিস খুলতেই আগুনের ঝাপটা! নিউটাউনের সিনার্জি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন, হাসপাতালে ১ কর্মী

অফিস টাইমের ব্যস্ততা শুরু হতেই বড়সড় বিপত্তি নিউটাউনে। বৃহস্পতিবার সকাল সকাল নিউটাউনের থাকদাঁড়ি এলাকার ‘সিনার্জি বিল্ডিং’ নামক একটি বহুতল অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা এক তলা থেকে অন্য তলায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ৬টি ইঞ্জিন বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ প্রথম আগুনের আঁচ পাওয়া যায়। বহুতলটির ভেতরে একটি বেকারি রয়েছে, প্রাথমিক অনুমান সেখান থেকেই আগুনের সূত্রপাত। বিল্ডিংয়ের প্রথম তলায় রয়েছে ‘আইজিপি কেক’-এর অফিস। এদিন সকালে এক কর্মী অফিস খুলতে এসে দেখেন চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। সেই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে ওই কর্মী ঘটনাস্থলেই জ্ঞান হারান। তাঁকে উদ্ধার করে দ্রুত জিরানগাছা ভাঙড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। বহুতল ভবন হওয়ায় এবং দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে থাকদাঁড়ি এলাকা। আশপাশে আরও বেশ কিছু অফিস ও বহুতল থাকায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। দমকল কর্মীরা জানলার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন যাতে দ্রুত উৎসস্থলে জল পৌঁছানো যায়। অফিস টাইমে এই ঘটনার জেরে নিউটাউনের ওই এলাকায় যান চলাচলও কিছুটা ব্যাহত হয়েছে।