দীঘায় রাতের অন্ধকারে তাণ্ডব! হাসপাতাল চত্বরে বিনা নোটিশে দোকান ভাঙার অভিযোগে রণক্ষেত্র সৈকত শহর

পর্যটন নগরী দীঘার স্টেট জেনারেল হাসপাতালের সামনের গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎই তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ প্রশাসনের পক্ষ থেকে জেসিবি (JCB) নিয়ে এসে হাসপাতালের সামনের ফুটপাথের সারি সারি দোকান ভেঙে দেওয়া হয়। দোকানিদের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে আগে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং কাউকে কোনো খবরও দেওয়া হয়নি।
ভুক্তভোগী এক চা বিক্রেতা মহিলা জানান, “রাত ১২টার সময় দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। ভোর ৪টের সময় খবর পেলাম আমার সব শেষ। দোকান পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।” অন্য এক ব্যবসায়ীর ক্ষোভ, “রাত দুটোর সময় যখন আমরা ঘুমাচ্ছি, তখন এসে সব তছনছ করে দেওয়া হল। দোকানে লক্ষ লক্ষ টাকার মালপত্র ছিল, তা সরানোর সুযোগটুকু দেওয়া হয়নি। জেসিবি দিয়ে সব উল্টে দিয়েছে।”
এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার মূল রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। এই অবরোধের ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়, সমস্যায় পড়েন পর্যটকরাও। বিক্ষোভকারীদের দাবি, কেন কোনো নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান চালানো হলো, তার জবাব দিতে হবে প্রশাসনকে। যতক্ষণ না কোনো সদুত্তর মিলছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আপাতত দীঘার এই অঞ্চলে চাপা উত্তেজনা বজায় রয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।