Google-কে ফের বড় অঙ্কের জরিমানা করল ভারত, জেনেনিন কি কারণ?
প্লে স্টোর নীতির ক্ষেত্রে নিজেদের ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৯৩৬ কোটি ৪৪ লাখ রুপি জরিমানা করেছে ভারত।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দেশটির প্রতিযোগিতা কমিশন (কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা সিসিআই) এ জরিমানা করে। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে কয়েকটি নির্দেশনা মেনে চলারও কথা বলেছে সিসিআই।
এর আগে গত ২০ অক্টোবর গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি ৭৬ লাখ রুপি জরিমানা করেছিল সিসিআই। কারণ হিসেবে সিসিআই জানিয়েছিল, বাজারে সবচেয়ে প্রভাবশালী হওয়ার সুবিধা নিয়ে অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপগুলোকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে গুগল। সে জন্যই গুগলকে এ অর্থ জরিমানা করা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভারতে আবার জরিমানা গুনতে হলো গুগলকে।
এ ব্যাপারে গুগলের ভারতের মুখপাত্র বলেছেন, ‘অ্যান্ড্রয়েড আগের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়েছে। ভারতসহ বিশ্ব সফল ব্যবসাকে সমর্থন করে। সিসিআইয়ের এমন সিদ্ধান্ত ভারতীয় ভোক্তা ও ব্যবসার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।’
তিনি বলেন, ‘অ্যান্ড্রয়েডের ওপর যাদের আস্থা আছে, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, সিসিআইয়ের সিদ্ধান্তের জেরে তাদের খরচ আরো বাড়বে। আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
এরইমধ্যে বিষয়টি নিয়ে গুগলকে সতর্ক করেছে সিসিআই। সিসিআই বলেছে, নিজেদের প্ল্যাটফর্মকে প্রতিযোগিতাবিরোধী অনুশীলনের জন্য অপব্যবহার করতে পারবে না কোনো কোম্পানি। এখানেই শেষ নয়, গুগল কোনো অ্যাপ ডেভেলপারকে থার্ড পার্টি পেমেন্ট প্রসেস ব্যবহার করতে বাধা দিতে পারবে না।
উল্লেখ্য, বিশ্বে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অন্যতম বড় মার্কেট ভারত। দেশটিতে ৬০ কোটিরও বেশি ফোনে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়।
সূত্র: রয়টার্স