বড়দিনের ‘আমির’ ম্যাজিক! গজনী থেকে ৩ ইডিয়টস, কীভাবে ইতিহাস বদলেছিলেন মিস্টার পারফেক্টশনিস্ট?

২৫ ডিসেম্বর মানেই উৎসবের আমেজ। কিন্তু হিন্দি সিনেমার ইতিহাসে এই তারিখটি এক অনন্য মাইলফলকের সাক্ষী। পরপর দুই বছর বড়দিনের অবসরে দুই ভিন্ন মেজাজের ছবি দিয়ে বক্স অফিস তোলপাড় করেছিলেন আমির খান। ২০০৮ সালের ‘গজনী’ আর ২০০৯ সালের ‘৩ ইডিয়টস’—সিনেমা দুটির ধরন যেমন ছিল আলাদা, তেমনই তাদের সাফল্য বদলে দিয়েছিল বলিউডের আয়ের সংজ্ঞাকে।
১০০ কোটির মাইলস্টোন ও ‘গজনী’ (২০০৮): এ আর মুরুগাদোস পরিচালিত ‘গজনী’ ছিল একটি মনস্তাত্ত্বিক অ্যাকশন থ্রিলার। প্রেমিকার খুনের প্রতিশোধ নিতে শর্ট-টার্ম মেমোরি লসে আক্রান্ত সঞ্জয় সিংঘানিয়ার লড়াই আজও দর্শকদের মনে গেঁথে আছে। আমিরের সেই এইট-প্যাক অ্যাবস আর লুক নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। এই ছবিই বলিউডের ইতিহাসে প্রথম ১০০ কোটি টাকার ক্লাবের সূচনা করে, যা তখন ছিল এক বৈপ্লবিক সাফল্য।
২০০ কোটির মহাকাব্য ও ‘৩ ইডিয়টস’ (২০০৯): ঠিক এক বছর পর বড়দিনেই মুক্তি পায় রাজকুমার হিরানির ‘৩ ইডিয়টস’। র্যাঞ্চো, ফারহান আর রাজুর বন্ধুত্বের গল্পে উঠে এসেছিল মুখস্থ বিদ্যার সংস্কৃতি আর সামাজিক চাপের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা। মধ্য চল্লিশের বয়সে আমিরের সেই প্রাণবন্ত কলেজ ছাত্রের চরিত্র ছিল অনবদ্য। এই ছবিই প্রথম ভারতীয় ছবি হিসেবে ২০০ কোটির গণ্ডি পার করে এবং বিদেশের বাজারে (বিশেষ করে চীনে) রেকর্ড গড়ে। ৬টি ফিল্মফেয়ার এবং ৩টি জাতীয় পুরস্কার জয়ী এই ছবি বছরের পর বছর বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তকমা ধরে রেখেছিল।