‘অখাদ্য, কাঁচা হাতের রান্না!’ হইচই-এর ‘কার্মা কোর্মা’ দেখে পরিচালককে তুলোধনা তসলিমা নাসরিনের

বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে সামাজিক মাধ্যমে ক্রমাগত সরব লেখিকা তসলিমা নাসরিন। তবে এবার তাঁর নিশানায় বিনোদন জগত। ওপার বাংলার উত্তাল পরিস্থিতির মাঝেই ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কার্মা কোর্মা’ দেখে নিজের চরম বিরক্তি উগরে দিলেন লেখিকা। তাঁর মতে, এই সিরিজটি শিল্পের নামে এক ‘অখাদ্য’ পরিবেশন।
ঋত্বিক থাকলেও বাঁচল না সিরিজ তসলিমা নাসরিন ফেসবুকে জানিয়েছেন, মূলত প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর টানেই তিনি এই সিরিজটি দেখতে বসেন। কিন্তু প্রথম পর্ব দেখার পরেই তাঁর মোহভঙ্গ হয়। লেখিকার প্রশ্ন, “এত আজগুবি গল্পে ঋত্বিক অভিনয় করতে রাজি হলেন কী করে?” তিনি আরও যোগ করেন যে, বাঙালিরা যে এত নিম্নমানের সিরিজ বানাতে পারে, তা তাঁর ধারণার বাইরে ছিল।
পরিচালককে কড়া আক্রমণ সিরিজের নাম ‘কার্মা কোর্মা’-র রেশ ধরেই পরিচালক প্রতিম ডি গুপ্তকে বিঁধেছেন তসলিমা। তিনি লিখেছেন, “এক এক করে কোর্মা, বিরিয়ানি, রেজালা খাওয়ালেন পরিচালক। অখাদ্য, অখাদ্য, অখাদ্য! তেলের সঙ্গে মশলা মেশেনি, মাংস সেদ্ধ হয়নি। সবই কাঁচা কাঁচা কাঁচা।” বাংলা সংস্কৃতিকে উন্নত করতে হলে ‘পাকা হাতে রান্না’ অর্থাৎ দক্ষ পরিচালনার ওপর জোর দিয়েছেন তিনি।
নারীকেন্দ্রিক গল্পে ঋতাভরী-সোহিনী প্রতিম ডি গুপ্ত পরিচালিত এই সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও সোহিনী সরকার। প্রতিবাদ ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি এই সিরিজটি দর্শকদের একাংশের মনে ধরলেও, তসলিমা নাসরিনের কাছে তা একেবারেই নম্বর পায়নি। লেখিকার এই পোস্টে নেটিজেনদের অনেকেই সহমত পোষণ করেছেন, আবার কেউ কেউ তাঁকে অন্য ভালো কিছু সিরিজ দেখার পরামর্শও দিয়েছেন।