দীপু দাসের হত্যাকাণ্ড ও ছায়ানটে হামলা নিয়ে সরব ভারত! আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার মেনে মন্তব্য তৃণমূল সাংসদের

আসানসোলের পোলো গ্রাউন্ডে জেলা বইমেলা উদ্বোধনে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন শত্রুঘ্ন সিনহা। সাম্প্রতিক ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যু এবং সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনায় যখন ইউনূস প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তখন শত্রুঘ্ন জানান তিনি এখনও আশাবাদী। তিনি বলেন, “মহম্মদ ইউনূস একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। আমার বিশ্বাস তিনি ন্যায়ের পথে হাঁটবেন এবং বাংলাদেশের মানুষ বিচার পাবেন।”

সাংসদ আরও মনে করিয়ে দেন যে, ভারত ও বাংলাদেশের হৃদস্পন্দন এক। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুই দেশকেই একসূত্রে গেঁথে রেখেছেন। তবে এটি একটি আন্তর্জাতিক বিষয় হওয়ায় সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দেন তিনি। তাঁর মতে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং তাঁদের ফরেন পলিসি অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। যদিও সীমান্তের ওপারে অশান্তি দেখলে প্রতিবেশী ও সংস্কৃতির টানে ভারতবাসীর মনে যে কষ্ট হয়, সে কথা এদিন অকপটে স্বীকার করে নেন শত্রুঘ্ন।