শান্তিনিকেতনের মেলা দেখেই সোজা তারাপীঠ! কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকে পুণ্যার্থীদের লম্বা লাইন

বড়দিন এবং বর্ষবরণের মুখে বীরভূমে পর্যটকদের ঢল নেমেছে। একদিকে বোলপুর শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু হয়েছে, অন্যদিকে বড়দিনের ছুটি। মাঝে শুক্রবার ছুটির ব্যবস্থা করতে পারলেই টানা চারদিন ঘোরার সুযোগ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভ্রমণপিপাসু বাঙালি ভিড় জমাচ্ছেন তারাপীঠ মন্দিরে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা অনেক বেশি।

ভিড় সামলাতে তারাপীঠ মন্দির কমিটি মন্দির চত্বর দীর্ঘক্ষণ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টায় মন্দির খোলার অনেক আগে থেকেই পুণ্যার্থীদের লম্বা লাইন পড়ে যায়। হোটেল ব্যবসায়ীদের মতে, বহু পর্যটক শান্তিনিকেতনের মেলা দেখে তারাপীঠ হয়ে বাড়ি ফেরেন। হুগলি থেকে আসা পর্যটক সুস্মিতা বিশ্বাসের কথায়, “বোলপুরের তুলনায় তারাপীঠে কম খরচে থাকা যায়, তাই মেলা দেখে এখানেই পুজো দিতে এসেছি।” পরিস্থিতি সামাল দিতে মন্দির কমিটির পাশাপাশি পুলিশ প্রশাসনও সতর্ক রয়েছে।