ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে ৪০০০ মাইক্রো অবজার্ভার! সিইও দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিতিতে শুরু প্রশিক্ষণ

ভোটার তালিকায় নাম থাকা নিয়ে যে সমস্ত অসঙ্গতি বা অভিযোগ জমা পড়েছে, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশন মাইক্রো অবজার্ভারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কমিশন সূত্রে খবর, মোট ৪ হাজারেরও বেশি অবজার্ভারকে ২ ঘণ্টা করে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা এই প্রশিক্ষণ দিচ্ছেন। বিশেষ করে শুনানি পর্বে কীভাবে নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালন করতে হবে, তা হাতে-কলমে বোঝানো হচ্ছে।
কমিশন ইতিমধ্যে ৩২ লক্ষ ‘আন-ম্যাপড’ (Unmapped) অভিযোগের মধ্যে ২০ লক্ষ নোটিশ ইস্যু করেছে। কাজের গতি বাড়াতে প্রতিদিন গড়ে ১০০ জনের বদলে এখন থেকে ১৫০ জনকে শুনানির জন্য ডাকা হবে। আন-ম্যাপড ভোটারদের যাচাই শেষ হলে ‘ডিস্ক্রিপেন্সি’ বা অন্যান্য ভুলত্রুটি দেখা হবে। আইনি জটিলতা এড়াতে এবং দ্রুত নিষ্পত্তির জন্য দপ্তরের নিজস্ব পরিকাঠামোকেই ব্যবহার করা হচ্ছে।