গাঁদা থেকে গাজানিয়া, সবই মিলবে এখানে! স্বনির্ভরতার নয়া দিশা দেখাচ্ছে আলিপুরদুয়ারের এই ফুলের স্বর্গরাজ্য

আলিপুরদুয়ার শহরের কোলাহল পেরিয়ে বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া গ্রামে পা রাখলেই মনে হবে কোনো এক স্বপ্নের বাগানে এসে পড়েছেন। চারদিকে গাঁদা, ডালিয়া, গোলাপ আর চন্দ্রমল্লিকার সমারোহ। ফুলের এমনই রমরমা যে, মানুষ ডাঙাপাড়া নামটাই ভুলতে বসেছেন; এলাকার নতুন পরিচয় এখন ‘নার্সারি পাড়া’। এই গ্রামের প্রায় ১০০টি পরিবার এখন ফুল চাষের মাধ্যমেই নিজেদের স্বনির্ভর করে তুলেছে।

শীতের মরশুমে ডায়ান্থাস, ক্যালেন্ডুলা, পিটুনিয়া আর ভারবেনার মতো অসংখ্য বিদেশি ফুলের চারা তৈরি হচ্ছে এখানে। স্থানীয় ফুলচাষি নৃপেন্দ্র দাস জানালেন, পৈতৃক সূত্রে শুরু করা এই চাষ আজ গোটা গ্রামের পেশায় পরিণত হয়েছে। বিশেষ করে গ্রামের মহিলারা এই কাজে যুক্ত হয়ে অভাবের সংসারে স্বচ্ছলতা এনেছেন। ডাঙাপাড়ার এই নার্সারিগুলির ফুল ও চারা এখন কেবল আলিপুরদুয়ারেই সীমাবদ্ধ নেই, তা পৌঁছে যাচ্ছে পার্শ্ববর্তী জেলা ও ভিনরাজ্যের বাজারেও। মার্চ মাস পর্যন্ত এই ফুলের মরশুম থাকলেও, সারা বছরই ইনডোর প্ল্যান্ট ও অন্যান্য চারা বিক্রি করে লাভজনক আয়ের মুখ দেখছেন গ্রামবাসীরা।