উন্নাওয়ের নির্যাতিতার গায়ে হাত পুলিশের! কুলদীপ সেঙ্গারের জামিনে উত্তাল দিল্লি, মোদী সরকারকে তোপ রাহুলের

উন্নাও গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন মঞ্জুর হতেই নতুন করে রণক্ষেত্রের চেহারা নিল দেশের রাজধানী। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভে বসেন নির্যাতিতা ও তাঁর মা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ তাঁদের অত্যন্ত অমানবিক ভাবে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয়। পুলিশের এই আচরণের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
এক্স (টুইটার) হ্যান্ডেলে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, “বিচারের জন্য আওয়াজ তোলা কি অপরাধ? একজন নির্যাতিতার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা কোন ধরনের বিচার?” তিনি আরও বলেন, বিজেপি নেতা সেঙ্গারকে জামিন দেওয়া যেমন লজ্জাজনক, তেমনই নির্যাতিতাকে বারবার অপদস্থ করা হচ্ছে। রাহুলের সতর্কবাণী, “অমানবিকতা এভাবে বাড়তে থাকলে আমরা খুব দ্রুত একটি মৃত সমাজে পরিণত হব।” নির্যাতিতার নিরাপত্তা ও সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে রাহুল স্পষ্ট করে দেন যে, গণতন্ত্রে কণ্ঠরোধ করার চেষ্টা আদতে একটি বড় অপরাধ।