এক মাস ধরে দাউদাউ করে জ্বলছে বাড়ি! রঘুনাথপুরের ‘অভিশপ্ত’ আগুনের নেপথ্যে কে? ফাঁস করল সায়েন্স সোসাইটি

পুরুলিয়া জেলার রঘুনাথপুরের উপরডি গ্রামে এক মাসেরও বেশি সময় ধরে একটি বাড়িতে রহস্যজনকভাবে আগুন জ্বলে ওঠার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা পরেশ মণ্ডলের বাড়িতে বারবার ঘটা এই ‘অলৌকিক’ অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে গ্রামে পৌঁছয় সর্বভারতীয় বিজ্ঞান সংগঠন ‘ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’-র একটি প্রতিনিধি দল। তাঁরা বাড়ির প্রতিটি কোণ পরীক্ষা করে দেখেন এবং প্রাকৃতিক কোনো কারণে বা রাসায়নিক বিক্রিয়ায় আগুন লাগার কোনো প্রমাণ পাননি।

তদন্ত শেষে বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনো অলৌকিক শক্তি নেই। বরং তাঁদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত স্বার্থে কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সাঁওতালডিহি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজ্ঞানীরা দাবি জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। সায়েন্স সোসাইটির এই হস্তক্ষেপে গ্রামজুড়ে চলা ভূতুড়ে আতঙ্ক অনেকটাই কমেছে।