‘দাঙ্গা লাগাচ্ছেন হুমায়ুন, পাহারা দিচ্ছে পুলিশ’! বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বিস্ফোরক শুভেন্দু

মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগ নিয়ে ফের একবার চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এক সভা থেকে তিনি স্পষ্ট জানান, এ দেশে মন্দির-মসজিদ-গির্জা যা খুশি হতে পারে, কিন্তু ‘আক্রমণকারী’ বাবরের নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ সহ্য করা হবে না। শুভেন্দুর কথায়, “বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে বাবরের নাম রাখবেন নাকি মুছবেন?”
শুভেন্দু অধিকারীর অভিযোগ, হুমায়ুন কবীর এই নামকরণের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে এক হাজার পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে বাবর তো বটেই, আকবর, হুমায়ুন, শাহজাহান কিংবা ঔরঙ্গজেবের মতো কোনো মোঘল শাসকের নাম এ রাজ্যে থাকতে দেব না। বাবরের সমস্ত নাম-নিশান মুছে দেওয়া হবে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ডিসেম্বরের এই উত্তপ্ত আবহে বাংলার রাজনীতিতে নতুন করে মেরুকরণের বিতর্ক মাথাচাড়া দিয়েছে।