মহাকাশে ভারতের জয়জয়কার! মার্কিন দৈত্যাকার উপগ্রহ নিয়ে সফল উড্ডয়ন ইসরোর ‘বাহুবলী’ রকেটের

মহাকাশ বিজ্ঞানে বিশ্বের তাবড় দেশগুলোকে ফের একবার চমকে দিল ভারত। বুধবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট ‘লঞ্চ ভেহিকল মার্ক ৩’ (LVM3) সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক উপগ্রহ ‘ব্লুবার্ড’কে নিয়ে মহাকাশে পাড়ি দিল। এই সাফল্যের মাধ্যমে মহাকাশ গবেষণায় নিজেদের একচ্ছত্র আধিপত্য আরও একবার প্রমাণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)।

সাড়ে ৬ টন ওজনের এই বিশালাকায় মার্কিন উপগ্রহটি এএসটি স্পেসমোবাইল সংস্থার তৈরি। যোগাযোগের এই কৃত্রিম উপগ্রহটিকে সঠিক কক্ষপথে পৌঁছে দেওয়া ছিল একটি বিশাল চ্যালেঞ্জ। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে এলভিএম৩ রকেটটি যাত্রা শুরু করে এবং মাত্র ১৫ মিনিটের মাথায় উপগ্রহটিকে ৫২০ কিলোমিটার উচ্চতায় নির্ধারিত কক্ষপথে প্রতিস্থাপিত করে। গত ১৯ অক্টোবর আমেরিকা থেকে এই স্যাটেলাইটটি ভারতে আনা হয়েছিল। ইসরোর এই ঐতিহাসিক সাফল্যে উপরাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অভিনন্দন জানিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে দিল যে, বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণে ভারত এখন বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য দেশ।