আচার্য পদ নিয়ে নবান্ন-রাজভবন সংঘাতের অবসান? রাষ্ট্রপতির চূড়ান্ত রায় ফাঁস করলেন সিভি আনন্দ বোস

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ নিয়ে দীর্ঘদিনের চলা বিতর্কে কার্যত জল ঢেলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য আইনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আচার্য করার কোনো প্রয়োজন নেই। রাজ্যপাল জানান, বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত দেশের প্রতিটি রাজ্যের জন্য সমানভাবে প্রযোজ্য।
রাজ্যপালের বক্তব্য অনুযায়ী, পদাধিকারবলে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকবেন। তিনি সাফ জানান, কোনো রাজ্য আইন যদি কেন্দ্রীয় আইনের পরিপন্থী হয়, তবে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত। রাষ্ট্রপতি স্পষ্ট করে দিয়েছেন যে, রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে এই পদে বসানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। বোস মনে করিয়ে দেন, ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের নীতি অনুযায়ী সরকার অর্থ সাহায্য করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বাধিকারে হস্তক্ষেপ করতে পারে না। আচার্য পদে মুখ্যমন্ত্রী বসলে রাজনৈতিক স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, যা উচ্চশিক্ষার পরিবেশ নষ্ট করবে। সমাবর্তন মঞ্চ থেকে ক্যাম্পাসের ভেতরে চলা হিংসা ও দুর্নীতি নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।