অবরুদ্ধ ঘোজাডাঙা-পেট্রাপোল সীমান্ত! দীপু দাসের হত্যাকাণ্ডে ফুঁসছে ভারত, বন্ধ হতে পারে ওপার বাংলার রসদ?

বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার নৃশংস ঘটনার আঁচ এবার সরাসরি পড়ল ভারত-বাংলাদেশ সীমান্তে। বুধবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা ও পেট্রাপোল সীমান্তে ব্যাপক বিক্ষোভ শুরু করে ‘সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ’ ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। বিক্ষোভকারীরা বাংলাদেশের পণ্যবাহী ট্রাক আটকে দেয় এবং ওপার বাংলায় চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠানো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয়।

বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে এক বিজেপি নেতাকে বাংলাদেশি ট্রাক চালককে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিতে দেখা যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাক দেওয়া এই কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেন, “ওপারে হিন্দু নিধন চলবে আর এপার থেকে আমরা খাবার পাঠাব, তা আর হবে না।” পরিস্থিতি সামাল দিতে সীমান্তে বিশাল পুলিশ বাহিনী ও বিএসএফ মোতায়েন করা হয়। পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। গত কয়েকদিন ধরে কলকাতা ও দিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনের সামনে দফায় দফায় বিক্ষোভ চলছে, যা দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন অস্থিরতা তৈরি করেছে।