উগ্র মন্তব্য ও হিংসায় উস্কানি! নরসিংদী থেকে পাকড়াও বিক্রমপুরী, পাঠানো হলো কাশিমপুর জেলে

বাংলাদেশে ফের বড়সড় ধরপাকড় শুরু করেছে প্রশাসন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেফতার করেছে আলোচিত ও বিতর্কিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে। বুধবার দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়।

আতাউর রহমান বিক্রমপুরী মূলত সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত উগ্র ও প্ররোচনামূলক বক্তব্য প্রচারের জন্য পরিচিত। ২০২৪ সালের নভেম্বরে সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং থানা থেকে জোর করে বন্দি ছাড়িয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারের পর তাঁকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওসমান হাদির মৃত্যু এবং সমকালীন অস্থিরতার মাঝে বিক্রমপুরীর মতো উগ্রপন্থীদের গ্রেফতার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের একটি কড়া বার্তা।