সীমান্তে অনুপ্রবেশের হিড়িক! একদিনের ব্যবধানে হবিবপুরে ফের গ্রেফতার বাংলাদেশি তরুণ, আতঙ্ক তুঙ্গে

ওপার বাংলায় অরাজকতা যেন থামতেই চাইছে না। একদিকে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারার ক্ষত এখনও টাটকা, তার ওপর এবার হিন্দুদের সরাসরি দেশ ছাড়ার ফতোয়া দিলেন কট্টরপন্থী ইসলামি নেতা আমির হাফজ। কুষ্টিয়ায় আয়োজিত এক ধর্মীয় সম্মেলনে জামায়াতে ইসলামি সমর্থিত এই প্রার্থীর হুঁশিয়ারি, “এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা এখন কট্টর ইসলামি দেশ। প্রাণে বাঁচতে চাইলে হয় ইসলাম গ্রহণ করো, নয়তো ভারতে পালাও।”

মৌলবাদী নেতাদের এমন উস্কানিমূলক বার্তার জেরে ওপার বাংলার হিন্দুদের মধ্যে প্রাণভয় চরমে পৌঁছেছে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারের উদাসীনতার সুযোগ নিয়ে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই হিন্দুদের ওপর হামলার মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে উন্মত্ত জনতা। এই উত্তপ্ত পরিস্থিতিতে মঙ্গলবার ভোরে মালদহ জেলার হবিবপুর ব্লকের মালুমভিটা সীমান্ত থেকে এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মোহাম্মদ সুমন (২৭) নওগাঁ জেলার বাসিন্দা। রবিবারও দাল্লা সীমান্ত থেকে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল।

পরপর দুদিন সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় রীতিমতো উদ্বেগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের আশঙ্কা, বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এপারে ঢুকে পড়ার চেষ্টা করছে। ইসলামি নেতার প্রকাশ্য হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পশ্চিমবঙ্গ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলেও নতুন করে প্রশ্ন উঠছে।