বিয়ের ঠিক আগেই চরম বিপর্যয়! মায়ামিতে দুর্ঘটনার কবলে মারিয়া সোল মেসি

বিশ্বজুড়ে যখন নতুন বছরের উৎসবের প্রস্তুতি, ঠিক তখনই বিষাদের ছায়া লিয়োনেল মেসির পরিবারে। আগামী ৩ জানুয়ারি আর্জেন্তিনার রোসারিওতে ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল মেসির বোন মারিয়া সোল মেসির। কিন্তু মায়ামিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩২ বছর বয়সী মারিয়া। এই দুর্ঘটনার জেরে আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে তাঁর বিয়ে।
মেসির মা সেলিয়া কুচিত্তিনি জানিয়েছেন, মারিয়ার অবস্থা এখন বিপন্মুক্ত হলেও চোট অত্যন্ত গুরুতর। তাঁর মেরুদণ্ডে বড়সড় আঘাত লেগেছে, শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে এবং কবজি ও গোড়ালি ভেঙে গিয়েছে। অন্তত আগামী ৬ মাস তাঁকে রিহ্যাবিলিটেশনে থাকতে হবে। দুর্ঘটনাটি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও জানা গেছে, মায়ামিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারেন তিনি। দুর্ঘটনার খবর পেয়েই ইন্টার মায়ামির তারকা লিয়োনেল মেসি ও তাঁর পরিবার মারিয়ার পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, ইন্টার মায়ামির যুব দলের কোচই হলেন মারিয়ার হবু স্বামী। ফুটবল তারকার বোনের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন ভক্তরা।