“গলা কাটলেও মানুষের কথা বলব”, বিজেপি ও কমিশনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

ভোটার তালিকা থেকে বাংলার প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে—সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় কর্মিসভা থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচন ও ডিলিমিটেশন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এদিন সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।
মুখ্যমন্ত্রী সাফ জানান, নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির কথায় পরিচালিত হচ্ছে। তাঁর দাবি, “বিজেপির খোকাবাবুদের আবদার অনুযায়ী আরও দেড় কোটি নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।” তৃণমূল নেত্রীর কটাক্ষ, বিজেপি ভেবেছে মানুষের নাম বাদ দিয়ে সহজেই ক্ষমতা দখল করবে, কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না। দলীয় কর্মীদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়ে মমতা বলেন, “গলা কেটে দিলেও আমি মানুষের অধিকারের কথা বলব। মনে রাখবেন, বাংলা না থাকলে দেশ থাকবে না।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, ডিলিমিটেশনের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং বাংলার ইতিহাস-ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা চলছে। রাজ্যের মানুষকে অসম্মান করার এই প্রচেষ্টার বিরুদ্ধে তিনি আমৃত্যু লড়াইয়ের শপথ নেন। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধনকে হাতিয়ার করে মমতা কার্যত লোকসভা ভোটের আগে থেকেই মেরুকরণ ও বঙ্গ-আবেগকে উসকে দিতে চাইলেন।