২০ ঘণ্টা উড়তে সক্ষম ‘বে-রাক-তার টিবি-২’, ‘সেভেন সিস্টার্স’ নিয়ে হুঙ্কারের মাঝেই সেনার নজরদারি

উত্তপ্ত বাংলাদেশ এবার সীমান্তের আকাশেও উত্তাপ বাড়ালো। ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা ‘সেভেন সিস্টার্স’ দখল করার উসকানিমূলক বার্তার মধ্যেই ভারতীয় সীমান্তে তুর্কি প্রযুক্তির শক্তিশালী ‘বে-রাক-তার-টিবি-২’ ড্রোন মোতায়েন করল ঢাকা। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মধ্যস্থতায় গত বছর এই ড্রোনগুলি হাতে পায় ইউনূস সরকার। এবার সেই ড্রোনের সন্দেহজনক গতিবিধি চোখে পড়তেই সতর্ক হয়েছে ভারতীয় সেনা।
জানা গিয়েছে, এই ড্রোনগুলি একটানা ২০ ঘণ্টারও বেশি সময় উড়তে পারে এবং সরাসরি হামলা চালাতেও পারদর্শী। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্যের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি চরমে পৌঁছেছে। এর মাঝেই ভারতীয় সীমান্তের খুব কাছে এই ড্রোনের আনাগোনাকে ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে দেখছে নয়াদিল্লি।
পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার রাতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে হটলাইনে কথা বলেন। তবে কূটনৈতিক আলোচনার মাঝেই ঝুঁকি নিতে নারাজ দিল্লি। আজ সকাল থেকেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সীমান্তেও বিএসএফ-এর নজরদারি এখন তুঙ্গে।