শুভেন্দুর মালদহ সফর রুখতে ‘পুলিশি’ প্রাচীর? সভা ঘিরে চরম উত্তেজনা, ফের হাইকোর্টের দরজায় বিজেপি

নতুন বছরের শুরুতেই ফের উত্তপ্ত হতে চলেছে মালদহের রাজনীতি। আগামী ২ জানুয়ারি চাঁচলের কলমবাগান ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা ঘিরে নতুন করে তৈরি হয়েছে জট। জেলা প্রশাসনের পক্ষ থেকে সভার অনুমতি না মেলায় শুভেন্দুর সফর ঘিরে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপি নেতৃত্বের দাবি, সভার জন্য নির্ধারিত জমির মালিকের কাছ থেকে ইতিমধ্যেই অনাপত্তি শংসাপত্র (NOC) নেওয়া হয়েছে। তবুও চাঁচল থানার পুলিশ ও মহকুমা প্রশাসন কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই সভার অনুমতি দিচ্ছে না। সম্প্রতি ইংরেজবাজারে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, শুভেন্দুকে মালদহে পা রাখতে দেওয়া হবে না। এই হুমকির পরেই পুলিশের পক্ষ থেকে বাধা আসায় বিষয়টি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছে বঙ্গ বিজেপি।
তবে প্রতিবারের মতো এবারেও লড়াই ছাড়তে নারাজ পদ্ম শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুলিশ অনুমতি না দিলেও নির্ধারিত দিনেই সভা হবে। সোমবারই কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দল। এর আগেও একাধিকবার আদালত থেকে অনুমতি ছিনিয়ে এনে সভা করার নজির রয়েছে শুভেন্দুর। এখন দেখার, হাইকোর্টের রায়ে নতুন বছরে চাঁচলের ময়দানে বিরোধী দলনেতা শেষ পর্যন্ত গর্জন করতে পারেন কি না।