বিহু থেকে ছৌ, এক ছাদের তলায় ভারতের সেরা লোকনৃত্য! উইকএন্ডে শান্তিনিকেতন যাচ্ছেন? এই খবরটি মিস করবেন না!

শান্তিনিকেতনের লাল মাটি এখন উৎসবের রঙে রঙিন। আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ঐতিহ্যবাহী পৌষমেলার আগেই বোলপুরে শুরু হয়ে গেল এক বিশাল সাংস্কৃতিক মহোৎসব। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের (EZCC) উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব’।

এক ছাদের তলায় ৮ রাজ্যের ৬০০ শিল্পী বোলপুরের ‘সৃজনী শিল্পগ্রাম’ এখন ভারতাত্মার মিলনস্থলে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ ভারতের মোট ৮টি রাজ্যের প্রায় ৬০০ শিল্পী এই উৎসবে অংশ নিচ্ছেন। অসমের বিহু থেকে ত্রিপুরার হোজগিরি, ওড়িশার সম্বলপুরী থেকে ঝাড়খণ্ডের ঝুমুর— কী নেই সেখানে! ভিন রাজ্য থেকে এসেছেন প্রায় ২০০ জন প্রথিতযশা শিল্পী।

উৎসবে কী কী দেখবেন? সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত পর্যটকদের জন্য অবারিত দ্বার এই শিল্পগ্রাম। পর্যটকরা এখানে দেখতে পাবেন:

বাংলার ঐতিহ্য: ছৌ নৃত্য, পটের গান, বাউল, পুতুল নাচ, গম্ভীরা এবং ভাওয়াইয়া।

আদিবাসী সংস্কৃতি: সাঁওতালি ও দাঁশাই নাচ, মাহালী ঝুমুর ও লাঠি খেলা।

অন্যান্য রাজ্য: মণিপুরী নৃত্য, ত্রিপুরার হোজগিরি এবং অসমের বিহু।

বিনামূল্যে প্রবেশের সুযোগ EZCC-এর কর্মকর্তা আশীষ গিরি জানিয়েছেন, এই উৎসবে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরা যাতে ভারতের বৈচিত্র্যময় লোকসংস্কৃতি স্বচক্ষে দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশাল আয়োজন। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

উইকএন্ডের সেরা গন্তব্য ডিসেম্বরের শেষে শান্তিনিকেতনে এখন উৎসবের মেজাজ। কনকনে ঠান্ডায় বাউলের সুর আর বিদেশের শিল্পীদের নৃত্যের ছন্দে মেতে ওঠার এটাই সেরা সুযোগ। তাই আপনি যদি এই মুহূর্তে বোলপুরে থাকেন বা যাওয়ার পরিকল্পনা করেন, তবে ‘সৃজনী শিল্পগ্রাম’ ঘুরে আসতে ভুলবেন না।