বড়দিনের আগেই পর্যটকদের ভিড় জঙ্গলমহলে! পুরুলিয়াকে ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’-এ যুক্ত করল রাজ্য সরকার

বড়দিন আসতে এখনও দিন সাতেক বাকি, কিন্তু তার আগেই উৎসবের আমেজে ভাসছে জঙ্গলমহল। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের উদ্যোগে পুরুলিয়া শহরে শুরু হলো ‘ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫’। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।

আলোর সাজে হেরিটেজ চার্চ: পুরুলিয়া শহরের দুই ঐতিহাসিক স্থাপত্য— জিইএল (GEL) চার্চ ও এজিইএস (AGES) চার্চ-কে কেন্দ্র করেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। জঙ্গলমহলের হেরিটেজ ট্যুরিজমকে বিশ্বদরবারে তুলে ধরতেই এই দুই চার্চকে বর্ণাঢ্য আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও এটি এখন মূল আকর্ষণ।

প্রশাসনের তৎপরতা: জেলাশাসক সুধীর কোন্থাম জানান, পুরুলিয়ার হেরিটেজ এবং পর্যটন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্য পর্যটন দফতর এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী একগুচ্ছ ব্যবস্থার কথা জানিয়েছেন। বড়দিন এবং নতুন বছরের সময় পর্যটন কেন্দ্রগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

শীতের হাতছানি: পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বড়ন্তি বা পাঞ্চেত ড্যামে এই সময় এমনিতেই পর্যটকদের ভিড় থাকে। এবার শহরের বুকেনই ক্রিসমাস ফেস্টিভ্যাল যুক্ত হওয়ায় পর্যটকদের জন্য তা ‘সোোনায় সোহাগা’ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ছৌ শিল্পী ও হস্তশিল্পীদের তৈরি সামগ্রীর প্রদর্শনীও এই উৎসবের অন্যতম অঙ্গ হতে চলেছে।