“আগামিকাল দেশ কাঁপবে!” হাদিকে খুনের আগের রাতে বান্ধবীকে কী বার্তা দিয়েছিলেন শুটার ফয়সাল?

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখন উত্তাল বাংলাদেশ। প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ এখনও পলাতক হলেও তাঁর ঘনিষ্ঠ মহলের থেকে পাওয়া তথ্যে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। ১২ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলির ঠিক আগের রাতেই ফয়সাল তাঁর বান্ধবী মারিয়া আক্তার লিমাকে এক ‘রহস্যময়’ বার্তা দিয়েছিলেন।

বান্ধবীর বিস্ফোরক বয়ান: তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের রাতে এক রিসোর্টে বান্ধবীর সঙ্গে রাত কাটিয়েছিলেন ফয়সাল। সেখানে মারিয়াকে তিনি বলেছিলেন, “আগামিকাল এমন কিছু হবে যে সারা দেশ কাঁপবে।” ঠিক তার পরের দিন দুপুরেই ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন হাদি। মারিয়া বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

ছেলের খুনের সঙ্গী বাবা-মা! এই ঘটনায় সবচেয়ে আশ্চর্যজনক তথ্য দিয়েছেন ফয়সালের বাবা-মা। গোপন জবানবন্দিতে তাঁরা স্বীকার করেছেন যে, ফয়সালের সমস্ত অপকর্মের কথা তাঁরা জানতেন। ঘটনার দিন রাতে বাবার কাছে তিনটি অস্ত্র রেখে গিয়েছিল ফয়সাল। এমনকি অপরাধ ঢাকতে বাইকের নম্বর প্লেট বদলে সেটিকে বাড়িতে রেখে অটোরিকশা চেপে চম্পট দেয় সে। এই অপরাধে সহযোগিতার অভিযোগে ফয়সালের বাবা-মাকেও জেলবন্দি করা হয়েছে।

ফয়সালের ব্যক্তিগত জীবন: পুলিশ সূত্রে খবর, শুটার ফয়সালের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত জটিল। তাঁর তিনটি স্ত্রী এবং এক বান্ধবী রয়েছে। হাদিকে খুনের পর থেকে সে ক্রমাগত নিজের অবস্থান পরিবর্তন করছে। ফয়সালের খোঁজে বাংলাদেশের সীমান্ত এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।

উত্তপ্ত বাংলাদেশ: সিঙ্গাপুরের হাসপাতালে হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই ওপার বাংলায় চরম উত্তেজনা বিরাজ করছে। এক ছাত্রনেতার হত্যাকে কেন্দ্র করে যেভাবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ছে।