“গম্ভীর কোচই নন, উনি তো ম্যানেজার!” বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই ভারতীয় ক্রিকেট দলের অন্দরে একাধিক বিতর্ক ও রণকৌশল নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। একদিকে যেমন পেস বোলিংয়ের মূল শক্তি জসপ্রীত বুমরাকে আগলে রাখার চেষ্টা চলছে, অন্যদিকে প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিংবদন্তি কপিল দেব।
বুমরার ‘ওয়ার্কলোড’ নিয়ে উথাপ্পার বার্তা: টিম ইন্ডিয়া বর্তমানে বুমরাকে অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করছে। আসন্ন মেগা টুর্নামেন্টে তাঁকে তরতাজা রাখতে ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও রোটেশন পদ্ধতি মেনে তাঁকে খেলানো হচ্ছে। বুমরার এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ২০০৭ বিশ্বকাপজয়ী রবিন উথাপ্পা বলেন, “ফাস্ট বোলিং সবচেয়ে কঠিন স্কিল। বুমরা একজন ম্যাচ উইনার, তাই তাঁকে ফিট রাখা জরুরি। তবে বিশ্বকাপের আগে তিনি যেন পর্যাপ্ত ম্যাচ খেলেন, সেটাও নিশ্চিত করতে হবে। কারণ ‘ম্যাচ ফিটনেস’ থাকাটাও সমান গুরুত্বপূর্ণ।”
গম্ভীরকে ‘কোচ’ মানতে নারাজ কপিল দেব! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হারের পর গৌতম গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের একটি অধিবেশনে কপিল সাফ বলেন, “গৌতম গম্ভীর কোচ হতে পারেন না, তিনি বড়জোর দলের ম্যানেজার হতে পারেন।”
কপিল দেবের যুক্তি, “কোচ তাঁরাই হন যাঁদের থেকে আমরা স্কুল বা কলেজে শিখি। গম্ভীর একজন লেগস্পিনার বা উইকেটকিপারকে কী শেখাবেন? বর্তমান ক্রিকেটে এই স্তরে কোচিংয়ের চেয়ে ‘ম্যানেজ’ করা বেশি জরুরি। একজন ম্যানেজার হিসেবে আপনাকে খেলোয়াড়দের উৎসাহিত করতে হবে যাতে তারা আপনাকে বিশ্বাস করে।” গম্ভীরের ক্রমাগত প্লেয়ার রোটেশন পলিসি নিয়ে কপিলের এই মন্তব্য ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিল।