সীমান্তে হুঙ্কার! বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মাঝেই বালুরঘাটে সেনার ‘মেলা’, অত্যাধুনিক অস্ত্রে কাঁপবে চিন-পাক সীমান্ত?

ওপার বাংলায় ভোট ঘিরে চরম অস্থিরতা, নেতা-মন্ত্রীদের গলায় চড়া ভারত-বিরোধী সুর— এই উত্তপ্ত আবহের মধ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুরে বিশাল শক্তি প্রদর্শনের আয়োজন করল ভারতীয় সেনাবাহিনী। আগামী ২১ ও ২২ ডিসেম্বর বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনী’। তিনদিক সীমান্ত ঘেরা বালুরঘাটে ইতিমধ্যেই এসে পৌঁছেছে সেনার অত্যাধুনিক মারণাস্ত্র।

কী থাকছে এই প্রদর্শনীতে? বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত এই ‘সেনা মেলা’য় সাধারণ মানুষ চাক্ষুষ করতে পারবেন ভারতীয় সেনার আধুনিক অস্ত্রভাণ্ডার। সেনার তরফে জানানো হয়েছে, এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো নাগরিক সমাজের সঙ্গে বাহিনীর যোগাযোগ বৃদ্ধি করা এবং যুবসমাজকে অনুপ্রাণিত করা। ২১ ডিসেম্বর সকাল ৯টায় উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষ সরাসরি জওয়ানদের সঙ্গে কথা বলার এবং আগ্নেয়াস্ত্রগুলি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

সুকান্ত মজুমদারের হুঙ্কার: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সেনাবাহিনী কতটা শক্তিশালী হয়েছে, তা জেলাবাসীকে দেখানোই আমাদের লক্ষ্য। এখানে অপারেশন সিঁদুরে ব্যবহৃত অস্ত্রশস্ত্রও প্রদর্শিত হবে। আমি চাই জেলার যুবসমাজ এই প্রদর্শনী দেখে সেনাবাহিনীতে যোগ দিতে অনুপ্রাণিত হোক।”

উত্তপ্ত বাংলাদেশ ও রাজনৈতিক তরজা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মাঝে সীমান্তের ঠিক গায়েই সেনার এই কর্মকাণ্ড বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই প্রদর্শনী নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের কটাক্ষ, “এসব করে কি যুবসমাজ উদ্বুদ্ধ হয়? চাকরি পাওয়ার সময় তো ক্রাইটেরিয়া মেনটেন করেই ঢুকতে হবে। এগুলো সব রাজনৈতিক কথাবার্তা।” তিনি আরও যোগ করেন, সেনার এই কর্মসূচি অনেক আগে থেকে নির্ধারিত ছিল, এর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির যোগ নেই।

যুবসমাজের উচ্ছ্বাস: রাজনৈতিক লড়াই একদিকে থাকলেও, বালুরঘাটের সাধারণ মানুষ ও যুবকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। স্থানীয় যুবক শিবদ্যুতি রায়ের কথায়, “দেশের জওয়ানরা আমাদের গর্ব। তাঁরা কী কী অস্ত্র ব্যবহার করেন, তা কাছ থেকে দেখা আমাদের কাছে বড় সুযোগ।”

সীমান্তে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন বালুরঘাটে ভারতীয় সেনার এই ‘পাওয়ার শো’ শত্রুপক্ষকে কড়া বার্তা দেবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।