এক্স-এ মোদী ঝড়! ভারতের সেরা ১০ পোস্টের ৮টিই প্রধানমন্ত্রীর, পুতিনকে গীতা উপহারের ছবি ভাঙল রেকর্ড

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ ফের একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এর নতুন ‘মোস্ট লাইকড’ ফিচার অনুযায়ী, গত এক মাসে ভারতের শীর্ষ ১০টি সবচেয়ে জনপ্রিয় পোস্টের মধ্যে ৮টিই প্রধানমন্ত্রীর হ্যান্ডেল থেকে এসেছে। এই তালিকায় অন্য কোনও ভারতীয় রাজনৈতিক নেতার নাম জায়গা করতে পারেনি, যা মোদীর আকাশছোঁয়া জনপ্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে।
পুতিন ও গীতা: ইন্টারনেটে তোলপাড় প্রধানমন্ত্রীর পোস্টগুলির মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনূদিত ‘ভগবদ্গীতা’ উপহার দেওয়ার ছবিটি। প্রায় ৬৭ লক্ষ মানুষের কাছে পৌঁছানো এই পোস্টে লাইক পড়েছে ২ লক্ষ ৩১ হাজারেরও বেশি। পুতিনকে দিল্লিতে স্বাগত জানিয়ে করা মোদীর আরও একটি পোস্ট ১ কোটির বেশি মানুষের কাছে পৌঁছেছে।
তালিকায় আর কী কী আছে? অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে ধর্মধ্বজারোহণ অনুষ্ঠানের ছবি এবং ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা— এই দুটি পোস্টও রয়েছে টপ চার্টে। রামমন্দির সংক্রান্ত পোস্টে ১ লক্ষ ৪০ হাজার এবং মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানানো বার্তায় প্রায় ১ লক্ষ ৪৭ হাজার মানুষ লাইক দিয়েছেন।
ওমানে বিরল সম্মান: শুধুমাত্র ভার্চুয়াল জগত নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও মোদী এখন অনন্য উচ্চতায়। তিন দেশ সফরের শেষে ওমানে গিয়ে তিনি ভূষিত হলেন সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অফ ওমান’ (ফার্স্ট ক্লাস)-এ। ১৯৭০ সালে প্রবর্তিত এই সম্মান দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিশ্বশান্তিতে অবদানের জন্য দেওয়া হয়।
বিশ্বজয়ী মোদী: ওমানের এই সম্মান পাওয়ার পর নরেন্দ্র মোদীর ঝুলিতে এল বিশ্বের ২৯টি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। এই স্বীকৃতি গ্রহণের পর প্রধানমন্ত্রী জানান, এটি ভারত ও ওমানের মানুষের পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক। এই বিরল সম্মান তিনি দেশের ১৪০ কোটি মানুষের উদ্দেশে উৎসর্গ করেছেন।