হাওড়ার পাঁচলায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল পচাগলা দেহ! বড়বাঁধ এলাকায় তীব্র চাঞ্চল্য

এলাকায় হঠাৎই ছড়িয়ে পড়েছিল তীব্র দুর্গন্ধ। প্রথমে কেউ বুঝতে পারেননি উৎসটা কোথায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধের তীব্রতা অসহনীয় হয়ে উঠলে উৎস খুঁজতে বের হন গ্রামবাসীরা। আর তাতেই সামনে এল এক হাড়হিম করা দৃশ্য। কচুরিপানা আর আগাছায় ভরা একটি ডোবায় মুখথুবড়ে পড়ে রয়েছে এক ব্যক্তির পচাগলা দেহ!
ঠিক কী ঘটেছিল? বৃহস্পতিবার দুপুরে পাঁচলা বনহরিপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামচক গ্রাম সংলগ্ন বড়বাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, রানীহাটী-আমতা রোডের মানিকপীর বাসস্ট্যান্ড থেকে কানা দামোদরের গা ঘেঁষা একটি রাস্তার পাশের ডোবায় দেহটি পড়ে থাকতে দেখা যায়। দূর থেকেই দেখা যাচ্ছিল দেহের ওপর ভনভন করছে মাছির ঝাঁক। পচন এতটাই বেশি ছিল যে কাছে যাওয়া দায় হয়ে পড়েছিল স্থানীয়দের।
ঘনীভূত হচ্ছে রহস্য: মৃত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট ও কালো ফুলহাতা গেঞ্জি। দেখে বোঝার উপায় নেই তিনি ঠিক কতদিন আগে মারা গিয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা না কি বাইরে থেকে কেউ এখানে দেহ ফেলে গিয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্যজনক কারণ রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশি তৎপরতা: খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাঁচলা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ ও সময় জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টাও চালানো হচ্ছে।
হাওড়ার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বড়বাঁধের মতো নিরিবিলি এলাকায় এমন পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।