২ জায়গায় নাম ও সই! এবার ভোটারকেই ‘টার্গেট’ করল নির্বাচন কমিশন; অশোকনগর-শ্যামপুকুর কাণ্ডে শোরগোল

নির্বাচন প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে সাধারণত বিএলও (BLO) বা সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় নির্বাচন কমিশনকে। কিন্তু এবার ঘটল এক নজিরবিহীন ঘটনা। খোদ একজন ভোটারকেই শোকজ করল নির্বাচন কমিশন। দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

ঘটনাটি ঠিক কী? অভিযুক্ত ওই ভোটারের নাম একই সঙ্গে কলকাতার শ্যামপুকুর এবং উত্তর ২৪ পরগনার অশোকনগর— এই দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে। কমিশনের তদন্তে ধরা পড়েছে যে, দুই জায়গাতেই ওই ভোটারের সই রয়েছে। এখানেই দানা বেঁধেছে রহস্য। যদি ওই ব্যক্তি নিজে এক জায়গায় সই করে থাকেন, তবে অন্য জায়গায় তাঁর হয়ে সই করল কে? এই জালিয়াতি বা অনিয়মের কারণ জানতেই ওই ভোটারকে শোকজ করা হয়েছে।

শুনানির প্রস্তুতি: কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই এই বিষয়ে হিয়ারিং বা শুনানি শুরু হবে। শুনানিতে উপস্থিত থাকবেন ইআরও (ERO), এইআরও (AERO) এবং অ্যাডিশনাল এইআরও পদমর্যাদার আধিকারিকরা। ওই ব্যক্তিকে সশরীরে হাজির হয়ে উত্তর দিতে হবে, কেন এবং কীভাবে দুই জায়গায় তাঁর নাম ও সই বহাল রয়েছে।

SIR আবহে কড়াকড়ি: বর্তমানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া চলছে। ইতিপূর্বেই হুগলির চণ্ডীতলায় ‘মৃতকে জীবিত’ এবং ‘জীবিতকে মৃত’ দেখানোর মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। কোচবিহার থেকে শিলিগুড়ি— একাধিক জায়গায় বিএলও-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সরাসরি সাধারণ ভোটারকে শোকজ করার এই ঘটনা বার্তা দিচ্ছে যে, এবার থেকে ভোটারদেরও অনেক বেশি সচেতন হতে হবে।

ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। একদিকে যখন প্রশাসনিক লড়াই তুঙ্গে, তখন কমিশনের এই ‘শো-কজ’ অ্যাকশন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

Dipak Barman01
  • Dipak Barman01