ভোটার লিস্টে থেকেও SIR-এ ‘নিখোঁজ’! বাদুড়িয়ায় একই পরিবারের ৭ জনের নাম গায়েব, হুলুস্থুল কাণ্ড

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানা জেলায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। এবার বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের ১৫ নম্বর বুথ থেকে উঠে এল এক বিষ্ফোরক অভিযোগ। ২০০২ সাল থেকে বৈধ ভোটার হিসেবে নাম থাকলেও, নতুন SIR তালিকায় একই পরিবারের ৭ জন সদস্যকে সরাসরি ‘নিখোঁজ’ বা ‘অস্তিত্বহীন’ বলে দেখানো হয়েছে। প্রশাসনের এই ভুলে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারটির।
ঘটনার প্রেক্ষাপট: অভিযোগ উঠেছে, বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েত এলাকার ওই সাতজন বাসিন্দা নিয়ম মেনে নির্ভুলভাবে ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন। তাঁদের কাছে ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত নথিপত্র রয়েছে। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায়, তাঁদের নামের পাশে ‘নিখোঁজ’ তকমা বসিয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে নাগরিকত্বের প্রমাণ বা সরকারি সুবিধা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।
প্রশাসনের সাফাই: এই গুরুতর গাফিলতি নিয়ে স্থানীয় বিএলও (BLO)-র দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগীরা। তবে বিএলও-র দাবি, এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। বরং ‘সার্ভার ডাউন’ এবং বিডিও (BDO) অফিসের যান্ত্রিক গোলমালের কারণেই ডেটা এন্ট্রিতে এই ত্রুটি হয়েছে। তবে এই যুক্তি মানতে নারাজ স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, সব ঠিক থাকা সত্ত্বেও কেন বারবার সাধারণ মানুষের নামই তালিকা থেকে বাদ পড়ছে?
দুশ্চিন্তায় পরিবার: যে পরিবারের সাতজনের নাম বাদ পড়েছে, তারা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিএলও আশ্বাস দিলেও, বিডিও অফিসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত নিশ্চয়তা মেলেনি। বাসিন্দাদের অভিযোগ, বারবার চক্কর কেটেও কোনো সুরাহা হচ্ছে না। এই বিভ্রাট যদি দ্রুত সংশোধন না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।