মেসিকে ঘিরে রণক্ষেত্র যুবভারতী! পুলিশের জালে ‘ভিআইপি’ অনুপ্রবেশকারীরা, ৮০ জনকে তলব করল সিট

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার তদন্তে এবার হার্ডলাইনে বিধাননগর পুলিশ। সাধারণ দর্শকদের প্রবেশাধিকারে কড়াকড়ি থাকলেও, মাঠের ভেতর একদল অনাহুত মানুষের ভিড় কীভাবে হল, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও খতিয়ে দেখে ইতিমধ্যে প্রায় ৮০ জনকে চিহ্নিত করেছে পুলিশ।

পুলিশি জেরার মুখে ৮০ জন: ঘটনার গুরুত্ব বিবেচনা করে যে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে, তাদের সদস্যরা এবার এই ৮০ জনকে তলব করতে চলেছেন। তাঁদের কাছে মূলত তিনটি প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ:

কড়া নিরাপত্তা বলয় টপকে তাঁরা মাঠে ঢুকলেন কীভাবে?

মাঠের ভেতর প্রবেশের জন্য তাঁদের কি কোনো বিশেষ পাস বা অনুমতি দেওয়া হয়েছিল?

যদি অনুমতি থেকে থাকে, তবে সেই সবুজ সংকেত দিয়েছিলেন কোন আধিকারিক?

নিরাপত্তায় বড়সড় গলদ: বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার যখন মাঠে উপস্থিত, তখন একদল মানুষের এভাবে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়া আন্তর্জাতিক স্তরে কলকাতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো প্রভাবশালী ব্যক্তি বা আয়োজক সংস্থার যোগসাজশ ছাড়া এত মানুষ একসাথে মাঠে ঢুকতে পারতেন না। সিটের সদস্যরা মনে করছেন, এই ৮০ জনকে জেরা করলেই মূল পান্ডার হদিস মিলবে।

ইতিমধ্যেই আয়োজক শতদ্রু দত্তের পুলিশি হেফাজত হয়েছে। এবার এই ৮০ জনের বয়ান রেকর্ড করার পর যুবভারতীর কোনো বড় আধিকারিক বা নিরাপত্তার দায়িত্বে থাকা অন্য কাউকে পুলিশ নোটিশ পাঠায় কি না, সেটাই এখন দেখার।

Dipak Barman01
  • Dipak Barman01