কাগজের ভাঁজে এ কী উপহার দিল ছাত্রী? খুদের কাণ্ড দেখে চোখে জল নেটিজেনদের, ভাইরাল ভিডিও।

শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সম্পর্কের মধ্যে যে শ্রদ্ধা ও ভালোবাসা থাকে, তার এক অনন্য নিদর্শন দেখা গেল উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলে। সাধারণ একমুঠো কাগজের ভাঁজে মোড়া এক উপহারের ভিডিও এখন সমাজ মাধ্যমে (Viral Video) সুপার ভাইরাল। কয়েক লাখ ভিউ হওয়া এই ভিডিওটি দেখে নেটিজেনরা বলছেন, “দামি জিনিসের চেয়ে এই অকৃত্রিম ভালোবাসার মূল্য অনেক বেশি।”
কী ছিল সেই কাগজের ভাঁজে? ইনস্টাগ্রামে ‘দিব্যাডিজে৭৬২’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে এক খুদে ছাত্রী তার প্রিয় দিদিমণির দিকে মুঠো করা এক দলা কাগজ বাড়িয়ে দিচ্ছে। শিক্ষিকা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন, “এর ভেতর কী আছে?” তখন খুদে পড়ুয়া জানায়, তার বাবা সম্প্রতি মুম্বই গিয়েছিলেন এবং সেখান থেকে শিক্ষিকার জন্য বিশেষ উপহার এনেছেন।
শিক্ষিকা যখন অতি সাবধানে কাগজের ভাঁজগুলো খোলেন, তখন দেখা যায় ভেতরে সযত্নে রাখা রয়েছে মুম্বইয়ের বিখ্যাত কিছু মিষ্টি। প্রিয় দিদিমণির জন্য ছাত্রীর বাবার এই ছোট্ট কিন্তু আন্তরিক উপহার দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন ওই তরুণী শিক্ষিকা।
নেটপাড়ায় প্রশংসার ঝড়: ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “ছাত্রীর বাবার এই সৌজন্যবোধ সত্যিই প্রশংসনীয়।” অন্য একজন মন্তব্য করেছেন, “এই মিষ্টির স্বাদ সাধারণ যে কোনো মিষ্টির চেয়ে অনেক বেশি হবে, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে শ্রদ্ধা।”
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম, তবুও ছাত্রীর সারল্য আর শিক্ষিকার হাসিমুখের এই ভিডিওটি ইন্টারনেটে এখন ‘টক অফ দ্য টাউন’। শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সাধারণ মানুষের সম্মান যে আজও অটুট, এই ছোট্ট ঘটনাই তার বড় প্রমাণ।