পাইপলাইন মেরামতির জন্য হাওড়া পুর এলাকায় জল সরবরাহ বন্ধ, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত দুর্ভোগ

হাওড়া পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে চলেছে। হাওড়া পুরনিগম সূত্রে জানানো হয়েছে, কেএমডিএ (KMDA) পদ্মপুকুর জলপ্রকল্প এবং পুরনিগমের জল সরবরাহ দফতরের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কার ও মেরামতির কাজ করা হবে। এর মধ্যে পাইপলাইনের আন্তঃ সংযোগ স্থাপন এবং নতুন ভাল্ব প্রতিস্থাপন সহ একগুচ্ছ কাজ চলবে।

উত্তর হাওড়ার জন্য নতুন প্রকল্প

জানা গিয়েছে, হাওড়া শহর এলাকায় বিভিন্ন সময় পানীয় জলের সমস্যা দেখা যায়, বিশেষ করে পদ্মপুকুর থেকে উত্তর হাওড়ায় জল সরবরাহে দূরত্বের কারণে নানা সমস্যা হয়। সেই সমস্যা মেটাতে বর্তমানে উত্তর হাওড়ায় একটি নতুন জল প্রকল্পের কাজ জোরকদমে চলছে। এই প্রকল্পটি চালু হলে উত্তর হাওড়ার প্রায় ৫ লক্ষ মানুষের পানীয় জলের কষ্ট দূর হবে।

এই বৃহৎ প্রকল্পের পাশাপাশি, মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য পুরানো পাইপলাইন মেরামতির কাজও চলছে। এই মেরামতির কাজের অঙ্গ হিসেবেই জল সরবরাহ সাময়িক বন্ধ রাখা হবে।

কবে জল সরবরাহ বন্ধ থাকবে?

আগামী বৃহস্পতিবার, ১৮/১২/২০২৫ তারিখ দুপুর ১টা থেকে শুরু করে পরের দিন, শুক্রবার, ১৯/১২/২০২৫ তারিখ ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত হাওড়া পুরনিগমের সমস্ত ওয়ার্ডে (১ থেকে ৫০) পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

আশা করা হচ্ছে, শুক্রবার সকাল ৬টা থেকে পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হবে। হাওড়া পুরনিগম এই সময়ের মধ্যে নাগরিকদের জল সঞ্চয় করে রাখার অনুরোধ জানিয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01