গুলিতে আহত প্রার্থীর পরিণতি আরও অনেকের হতে পারে! নির্বাচনের আগে অশান্তির আশঙ্কায় ফুঁসছে বিএনপি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও শপথ

ভোটমুখী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে। ঢাকার জনবহুল বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। সংকটজনক অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে বিএনপি আশঙ্কা প্রকাশ করেছে যে ভোটের আগে ওসমান হাদির মতো পরিণতি আরও অনেক রাজনৈতিক নেতার হতে পারে।
মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, “যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আজ মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে।”
জিয়াউর রহমানের সমাধিতে শপথ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
মির্জা ফখরুল আরও বলেন, “একাত্তরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, এরমধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এ জন্য এ দিনটি আমাদের কাছে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জানান, স্বাধীনতার ঘোষকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তাঁরা আজ শপথ নিয়েছেন যে স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার সংগ্রাম সব সময় অব্যাহত রাখবেন।
এদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য-সহ দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগির প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আমরা এদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এ দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরা প্রসঙ্গে মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, “আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। তাঁর দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে আরও সক্রিয় করে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।”