মেসির কলকাতা সফর বিতর্কের জের, ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দফতর মমতার হাতে

মেসির কলকাতা সফর এবং যুবভারতী স্টেডিয়ামের অব্যবস্থা নিয়ে বিতর্কের মধ্যেই অবশেষে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই ইস্তফাপত্র গ্রহণ করেছেন। ইস্তফাপত্র গ্রহণের পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আপাতত এই গুরুত্বপূর্ণ দফতর তাঁর অধীনেই থাকবে।

সূত্রের খবর, অরূপ বিশ্বাসের ইস্তফার পরেই ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পদস্থ কর্তাদের নবান্নে তলব করা হয়। কর্তারা সেখানে পৌঁছলে মুখ্যমন্ত্রী তাঁদের জানান যে, তিনি এই দফতরের দায়িত্ব সামলাবেন।

‘নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ পদত্যাগ

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর হাতে লেখা ইস্তফাপত্রটি প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী দফতর থেকে প্রকাশিত অপর একটি চিঠিতে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়। চিঠিতে জানানো হয়, ক্রীড়ামন্ত্রী নিজেই ‘নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের এই সিদ্ধান্তকে প্রশংসাও করেছেন।

তবে অরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎ দফতরেরও দায়িত্বে রয়েছেন। জানা গেছে, সেই বিভাগের কাজ তিনি এর পরেও চালিয়ে যাবেন।

দলের অন্দরেও সমালোচিত ছিলেন মন্ত্রী?

মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী কাণ্ডে যে ব্যাপক উত্তেজনা ও অব্যবস্থা সৃষ্টি হয়েছিল, তার জন্য অনেকেই ক্রীড়ামন্ত্রীকে দায়ী করেছিলেন। যদিও রাজ্যের শাসক দল প্রাথমিকভাবে আয়োজকদের দিকে আঙুল তুলেছিল, কিন্তু সাধারণ মানুষের চোখে ক্রীড়ামন্ত্রী এবং শাসক দলের ভূমিকা স্বচ্ছ হতে পারেনি। শোনা যাচ্ছিল, সেদিনের ঘটনার কারণে দলের অন্দরেও অরূপ বিশ্বাস সমালোচিত হচ্ছিলেন। এই পরিস্থিতিতেই অনেকে তাঁর পদত্যাগের জল্পনা করেছিলেন, যা শেষ পর্যন্ত সত্যি হলো।

Dipak Barman01
  • Dipak Barman01