গুলিতে মারাত্মক আহত ওসমান হাদির ছবি নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে কর্মসূচি, ‘মুক্তিযুদ্ধকে শেখ পরিবারের সম্পত্তি বানানো হয়েছে’, বিজয় দিবসে চাঞ্চল্য

ভোটমুখী বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যেই ঢাকার জনবহুল বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তাঁর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

এই আবহে মহান বিজয় দিবসে রাজধানী ঢাকায় এক ভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি শেষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মেজর জলিল এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ওসমান হাদির ছবি টাঙানো হয়।

‘মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি বানানো হয়েছে’

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি নিশানা করে আরিফ সোহেল অভিযোগ করেন, “আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লিগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লিগের অপেক্ষা না করেই দেশের কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা স্বতস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছে দেওয়া বীর সিরাজ সিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মওলানা ভাসানী এবং আজকের সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণে রেখে আমরা ধানমন্ডি বত্রিশে গিয়েছি। এই র‍্যালির মধ্য দিয়ে আমরা একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবারের ও আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি।”

এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দাবি করেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে, জনগণের সম্মিলিত সংগ্রাম হিসেবে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। নির্বাচনের মুখে গুলিবিদ্ধ প্রার্থীর ছবি টাঙিয়ে এই ধরনের কর্মসূচি পালন করায় ঢাকায় রাজনৈতিক নিরাপত্তা ও ইতিহাসের ব্যাখা নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01