বৃন্দাবনে আধ্যাত্মিক রূপে অনুষ্কা শর্মা, বিরাট কোহলিকে নিয়ে প্রেমানন্দ মহারাজের দরবারে তারকা দম্পতি

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে (Virat Kohli) মঙ্গলবার উত্তরপ্রদেশের বৃন্দাবনে বরাহ ঘাটের শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে দেখা গেল এক অন্য রূপে। জাঁকজমকপূর্ণ গ্ল্যামার জগত থেকে দূরে, এই দম্পতিকে দেখা গেল সম্পূর্ণ সাধারণ বেশভূষায়। অনুষ্কার হাতে ছিল জপের মালা এবং তাঁর গলায় ছিল তুলসির মালা, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন—তাহলে কি এবার পুরোপুরি আধ্যাত্মিক পথে হাঁটছেন ‘রব নে বনা দি জোড়ি’ অভিনেত্রী?

মহারাজের দরবারে তৃতীয়বার

প্রেমানন্দ জি মহারাজের (Premanand Maharaj) চরণে এই নিয়ে তৃতীয়বার এসেছেন অনুষ্কা ও বিরাট। এর আগে, তাঁরা জানুয়ারিতেও তাঁদের সন্তানদের নিয়ে বৃন্দাবনে এসেছিলেন। মহারাজজির বক্তব্য শোনার সময় অনুষ্কাকে গভীরভাবে আবেগপ্রবণ হতে দেখা যায়।

মহারাজজি তারকা দম্পতিকে পরামর্শ দেন, “তোমরা কাজকে সেবা হিসেবে বিবেচনা করো, গুরুত্ব সহকারে জীবনযাপন করো, বিনয়ী হও এবং ঈশ্বরের নাম জপ করো। সর্বশক্তিমানের এক ঝলক দেখার জন্য তোমাদের মনে গভীর আকাঙ্ক্ষা থাকতে হবে। তোমাদের অবশ্যই ভগবানকে দেখার জন্য আকুল হতে হবে।”

তিনি আরও বলেন, “যে আমাদের আসল পিতা, যিনি আমাকে তৈরি করেছেন, একবার তাঁর দর্শন পাওয়া উচিত। মনের মধ্যে সেই ইচ্ছা থাকা উচিত। শুনেছি, ভগবান নাকি অনেক সুন্দর। তাহলে একবার তো তাঁর ঝলক পাওয়া উচিত, তাই না? মনের মধ্যে এই লক্ষ্য স্থাপন করা উচিত, যে ভগবানের দর্শন পেতেই হবে।”

মহারাজজির কথা শুনে অনুষ্কা আবেগতাড়িত হয়ে বলেন, “আমরা আপনার, মহারাজ জি।” এর উত্তরে তিনি বলেন, “আমরা সকলেই শ্রী জী’র। আমরা তাঁর ঐশ্বরিক সুরক্ষায় বাস করি। আমরা সকলেই তাঁর সন্তান।”

উল্লেখ্য, বিরাট কোহলি বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে এর আগে ২০২২-২৩ সালে যখন কোহলি তাঁর ক্যারিয়ারের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখনও তিনি স্ত্রী অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে মহারাজজির কাছে এসেছিলেন। বছর শেষে এই তারকা দম্পতিকে ফের একবার আধ্যাত্মিক আলোচনায় নিজেদের সঁপে দিতে দেখা গেল।