‘মহিলাদের কাজ শুধু স্বামীদের সঙ্গে সংসার করা’, পঞ্চায়েত ভোটে জিতেই কুরুচিকর মন্তব্য সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদের;

কেরলের মল্লপুরম জেলার থেন্নেলা পঞ্চায়েত ওয়ার্ডের নির্বাচনে মাত্র ৪৭ ভোটে জয়লাভ করার পরই বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ। পঞ্চায়েত ভোটে এই হাড্ডাহাড্ডি জয়ের পরে বিজয় ভাষণ দিতে গিয়ে তিনি মহিলাদের ভূমিকা সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

মাজিদ নামে ওই নেতা সিপিএমের লোকাল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়েছিলেন এবং ৬৯৯টি ভোট পেয়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রার্থীকে পরাজিত করেন।

ঠিক কী বলেছেন তিনি? ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদন অনুযায়ী, ভোটে জয়ের পর বিজয় ভাষণ দিতে গিয়ে সৈয়দ আলি মাজিদ মন্তব্য করেন যে, বাড়ির মহিলাদের ভোট চাওয়ার জন্য বা তাঁকে পরাজিত করার জন্য অপরিচিতদের সামনে আনা উচিত নয়। তিনি আরও বলেন, “মহিলাদের কাজ শুধু স্বামীদের সঙ্গে সংসার করা এবং তাঁদের শয্যাসঙ্গিনী হওয়া।”

সিপিএম নেতার এই কুরুচিকর মন্তব্য দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয় এবং তাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, প্রত্যেকেই তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।

শুধু তাই নয়, তিনি সম্প্রতি আইইউএমএল-এর মহিলা শাখা উমেন্স লিগ-এর সভানেত্রীরও সমালোচনা করেন। মাজিদ বলেন, যে মহিলারা সমালোচনা সহ্য করতে পারবেন, তাঁদেরই রাজনীতিতে আসা উচিত। তাঁর দাবি, তা না হলে মহিলাদের গৃহবধূ হয়ে বাড়ির ভিতরেই থাকা উচিত। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিপিএম-এর পক্ষ থেকে তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।