যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা, মুখ্যমন্ত্রীর গঠিত SIT-কে চ্যালেঞ্জ, এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা

সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কনসার্টকে ঘিরে গত শনিবার (১৩ ডিসেম্বর) হওয়া চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় কলকাতা হাইকোর্টে এবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হলো। রাজ্যের গঠিত সিট (Special Investigation Team)-কে চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI) ও ইডি (ED) দিয়ে ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে।
সিবিআই ও ইডি তদন্তের দাবি: আইনজীবী ফিরদৌস শামিম আদালতের নজরদারিতে একটি কমিটি গঠন করে সিবিআই এবং ইডি (CBI & ED) দিয়ে তদন্তের দাবিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলাকারী দাবি করেছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের সম্পূর্ণ মেরামত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং এই খরচ আয়োজক ও উদ্যোক্তাদের বহন করতে হবে।
অন্যদিকে, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিট-কে চ্যালেঞ্জ জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত এই সিট-এ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীও রয়েছেন।
বিল্লদল ভট্টাচাৰ্য্য নামে আরেক আইনজীবীও এই ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল সবকটি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার, এই ‘মেসিকাণ্ডের’ জল শেষ পর্যন্ত কোন পথে গড়ায়।